কমলনগর ইউএনওর বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন

অনলাইন ডেস্ক:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাসের বদলির আদেশের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছে। তারা দাবি করেছে, ইউএনওকে কমলনগরের দায়িত্বে পুনর্বহাল করা হোক।

মানববন্ধনটি অনুষ্ঠিত হয় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে ‘কমলনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে। এলাকাবাসী ইউএনওর দক্ষতা ও মানবিক কাজের প্রশংসা করে তার বদলি আদেশ বাতিলের দাবি তোলেন।

এ সময় হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, কমলনগর প্রেস ক্লাবের একাংশের সভাপতি ইউছুফ আলী মিঠু, তোরাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন মন্টি, চরলরেন্স ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার হোসাইন, চরমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য তারেক রহমান রকি সহ অনেকে বক্তব্য রাখেন।

আব্দুল মোতালেব বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ইউএনও সুচিত্র রঞ্জন দাস অত্যন্ত দক্ষভাবে কমলনগরকে পরিচালনা করেছেন। গত বন্যায় তিনি খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন এবং জনগণের মন জয় করেছেন। এমন একজন কর্মকর্তার বদলি উপযুক্ত নয়।”

এদিকে, ইউএনও সুচিত্র রঞ্জন দাস জানিয়েছেন, তাকে কুমিল্লার লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে, এবং এটি সরকারি সিদ্ধান্ত। তিনি বলেন, “অতীতে আমার কাজের জন্য হয়ত জনগণ মানববন্ধন করেছে, কিন্তু আমাকে নির্দিষ্ট সময়ে নতুন দায়িত্বে যোগদান করতে হবে।”