জেলা প্রতিনিধি :
অব্যাহত পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির স্তর বিপৎসীমার ওপরে উঠে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি ছাড়াও হচ্ছে।
নদীতে প্রবল স্রোতের কারণে নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৬টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে নদীর দুই পাশে যাত্রীদের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। রাঙামাটি ও বান্দরবানগামী যাত্রীরা ফেরির জন্য অপেক্ষায় সময় কাটাচ্ছেন।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা জানান, কর্ণফুলী নদীর স্রোত বাড়ায় ফেরি চলাচল আপাতত স্থগিত রাখা হয়েছে। ফেরিঘাটের ইনচার্জ মো. আরমান ও ফেরিচালক মো. আমিন জানান, স্রোত কমলে ফেরি চালু করার চেষ্টা করা হবে।











