জেলা প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এক গৃহবধূকে হাত-পা ও মুখ বেঁধে হত্যা করার ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূর নাম শাহনাজ পারভীন লাকি (৫০)। এছাড়া, হত্যাকাণ্ডের পর ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর এবং মালামাল লুট করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এই ঘটনা ঘটে। গৃহবধূ পারভীন লাকি ওই রাতে একাই ঘুমাচ্ছিলেন। পরদিন মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে তার দেবর শাহআলম বাড়িতে এসে পেছনের দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে তিনি পারভীন লাকির হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তিনি চিৎকার করে স্থানীয়দের ডাকেন এবং তারা পুলিশে খবর দেয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, “লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এটি ডাকাতি নাকি চুরি, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ এর আগে এই এলাকায় বেশ কয়েকটি লুটপাটের ঘটনা ঘটেছিল।











