নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে প্রধান অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার, ওরফে পি কে হালদার, দীর্ঘ আড়াই বছর পর জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলকাতার আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্তি পান তিনি।
কারাগার থেকে বের হয়ে পি কে হালদার সাংবাদিকদের বলেন, “আমি এখন কিছু বলব না। আমার আইনজীবীর সঙ্গে কথা বলে পরে সবকিছু জানাব।” এরপর তিনি একটি সাদা প্রাইভেটকারে চেপে কারাগার ত্যাগ করেন, তবে কোথায় যাচ্ছেন সে বিষয়ে কিছু জানাতে চাননি।
গত শুক্রবার কলকাতার নগরদায়রা আদালত পি কে হালদারের জামিন মঞ্জুর করে। আদালত তাকে ১০ লাখ রুপি ব্যক্তিগত বন্ডে জামিন প্রদান করে। সোমবার আদালতে সেই বন্ড জমা পড়লে, পরবর্তী সময়ে আদালতের নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় পি কে হালদারকে মুক্তি দেওয়া হয়।
এই মামলায় তার সঙ্গে জামিন পান আরও দুই সহযোগী, স্বপন মিস্ত্রি ও উত্তম মিস্ত্রি। তবে নথি এবং বন্ড সংক্রান্ত জটিলতার কারণে স্বপন মিস্ত্রি কারাগার থেকে মুক্তি পাননি। এ মামলার পরবর্তী শুনানি আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।











