অনলাইন ডেস্ক:
বলিউডে প্রেমের গুঞ্জন যেন চিরচেনা ঘটনা। এবার সেই তালিকায় নতুন সংযোজন জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান এবং দক্ষিণী তারকা শ্রীলীলা। সম্প্রতি একসঙ্গে শুটিং, পার্টিতে উপস্থিতি এবং ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই বলিপাড়ায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
অনেকে বলছেন, এই সম্পর্ক ক্রমেই ছাঁদনাতলার পথে এগোচ্ছে। কেউ কেউ আবার বলছেন, এটি নিছকই পর্দার ‘প্রফেশনাল রসায়ন’। তবে এবার এ নিয়ে মুখ খুলেছেন কার্তিক নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিক আরিয়ান বলেন, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথাই হয়েছে—কিছুটা ঠিক, বেশিরভাগই পুরোপুরি ভুল। তবে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমি সিঙ্গেল।”
তিনি আরও বলেন, “আজকাল কারও সঙ্গে দেখা বা আলাপ হলেই সেটা নিয়ে এত কথা হয়, যে নিজেকেই মাঝে মাঝে অপরিচিত মনে হয়। আমার সম্পর্কে এমন কিছু কিছু তথ্য ছড়ায়, যা আমি নিজেও জানি না। তাই এখন থেকে ব্যক্তিগত জীবন নিয়ে আরও সতর্ক থাকব।”
জানা গেছে, কার্তিক ও শ্রীলীলা বর্তমানে অনুরাগ বসু পরিচালিত ‘আশিকি ৩’ ছবির শুটিংয়ে ব্যস্ত। ছবিটির শুটিং চলছে দার্জিলিং, উত্তরবঙ্গ ও সিকিমের বিভিন্ন লোকেশনে। সেখানকার শুটিং স্পট থেকে প্রকাশ্যে আসা কিছু দৃশ্যেই দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন জোরালো হয়।
এর আগে, কার্তিকের মুম্বাইয়ের বাড়িতে একটি ঘরোয়া পার্টিতে শ্রীলীলাকে উপস্থিত দেখা গেছে, যা আরও আলোচনার জন্ম দেয়।
‘আশিকি’ সিরিজের তৃতীয় কিস্তি হিসেবে তৈরি হচ্ছে ‘আশিকি ৩’। ১৯৯০ সালের প্রথম ‘আশিকি’ এবং ২০১৩ সালের ‘আশিকি ২’-এর পর এবার কার্তিক ও শ্রীলীলাকে নিয়ে তৈরি হচ্ছে এই রোমান্টিক ড্রামা। এটি বলিউডে শ্রীলীলার প্রথম মুখ্য চরিত্রে অভিনয়, আর কার্তিকের সঙ্গে এটিই তাঁদের প্রথম জুটি।
বিশেষজ্ঞদের মতে, বলিউডে অনেক সময় সিনেমার প্রচারণার অংশ হিসেবেই প্রেমের গুঞ্জন ছড়ানো হয়। বাস্তবে সম্পর্ক না থাকলেও দর্শকদের আগ্রহ বাড়াতে এটি হয়ে থাকে একটি কৌশল।
এখন দেখার বিষয়—কার্তিক-শ্রীলীলার এই ‘রসায়ন’ সত্যিকারের প্রেমের গল্প, না কি এটি কেবল সিনেমার প্রচারণার স্মার্ট চাল? উত্তর সময়ই দেবে।











