কালো টাকা সাদা করার সব সুযোগ বাতিলের আহ্বান টিআইবির
নিজস্ব প্রতিবেদক:
কালো টাকা সাদা করার সরাসরি ও পরোক্ষ সব ধরনের সুযোগ চিরতরে বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশে ২১ বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, যা দুর্নীতিকে উৎসাহিত ও সৎ করদাতাদের নিরুৎসাহিত করে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “অন্তর্বর্তী সরকারের ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধ করার সুযোগ বাতিলের সিদ্ধান্ত ইতিবাচক। তবে আয়কর আইন, ২০২৩-এ এখনো তিনটি বিধান আছে, যা কালো টাকার বৈধতা দেয়।”
এই বিধানগুলোর মধ্যে রয়েছে:
-
নির্দিষ্ট কর দিয়ে স্থাপনা বা ভূমিতে আগের বিনিয়োগ বৈধ করার সুযোগ
-
বিল্ডিং বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ প্রদর্শনের সুযোগ
-
অতিরিক্ত ১০% জরিমানা দিয়ে স্বপ্রণোদিতভাবে আয়ের তথ্য বৈধ করার সুবিধা
টিআইবির মতে, এসব সুবিধা অসাংবিধানিক, বৈষম্যমূলক এবং দুর্নীতিসহায়ক। সংস্থাটি আরও জানায়, এসব সুযোগ সংবিধানের ২০(২) অনুচ্ছেদের বিরোধী এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সুপারিশেরও পরিপন্থী।
টিআইবি আশা প্রকাশ করে, অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটেই অধ্যাদেশের মাধ্যমে এসব বিধান চিরতরে বাতিল করা হবে। এ বিষয়ে অর্থ উপদেষ্টার কাছে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে।
