কুতুকছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ ২ বোন

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কুতুকছড়ি এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা ধর্মশিং চাকমাকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে তাঁরই আপন দুই বোনকে গুলিবিদ্ধ করা হয়।

কুতুকছড়ি আবাসিক এলাকায় আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ভাগ্যশোভা চাকমা ও কৃপাসোনা চাকমা।

ঘটনাসূত্রে জানা গেছে, কুতুকছড়ির উপরপাড়া এলাকায় নিজ বাসায় অবস্থানকালে একদল সন্ত্রাসী এসে ধর্মশিংহ চাকমাকে গুলি করে। ধর্মশিংহ চাকমা প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন।

 

কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান কানন চাকমা জানান, স্থানীয়ভাবে জানা গেছে, ২০-৩০ জনের অস্ত্রধারী লোকজন ধর্মশিংহের বাড়ির দিকে আসতে দেখে তিনি পালানোর চেষ্টা করেন। দৌড়ে পালানোর সময় তাকে গুলি করা হয়। এ সময় তাকে বাঁচাতে গেলে তার দুই বোনও গুলিবিদ্ধ হন।

 

ধর্মশিংহের মরদেহ বর্তমানে বাড়িতে রাখা আছে এবং পুলিশকে খবর দেয়া হয়েছে।

 

এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালী থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। মরদেহ পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

 

এদিকে, এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে ইউপিডিএফ।