অনলাইন ডেস্ক:
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা মেরে আট যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর আবদুল হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলার মিয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুল হালিম চৌদ্দগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং উপজেলার চাঁন্দিশকরা এলাকার আবুল কাশেমের ছেলে। পুলিশ সূত্র জানায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী একটি নৈশকোচে পেট্রল বোমা মেরে আট জনকে পুড়িয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মো. আবুল খায়ের নামে এক ব্যক্তি কুমিল্লার আদালতে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র্যাবের সাবেক ডিজি বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় আবদুল হালিম ১১৬ নম্বর আসামি ছিলেন।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “মামলার পর থেকে আবদুল হালিম আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে মিয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।” তিনি আরও জানান, “আবদুল হালিমকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।”











