ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে ৫২ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ

প্রকাশিত: 22 May 2025, 8:21 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৫২ জন বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার ভোরে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত দিয়ে ১৩ জন বাংলাদেশিকে ঠেলে দেয় বিএসএফ।
কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, এদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৭ জন শিশু রয়েছে। বিজিবির ৬০ টহলদল তাদের আটক করে এবং বিজিবি হেফাজতে রাখে। যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসনের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর একদিন আগেই, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৪টার মধ্যে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৩৯ জন বাংলাদেশিকে ঠেলে দেয় বিএসএফ।

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৩৯ জন বাংলাদেশিকে ঠেলে দেয় বিএসএফ

বিজিবি ৪ ব্যাটালিয়ন জানায়, ছয়টি পরিবারের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে। পরিবারগুলোর মধ্যে পাঁচটি মুসলিম এবং একটি হিন্দু পরিবার। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

বিজিবির ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশাররফ হোসেন বলেন, “সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নিয়মিত টহল চালানো হচ্ছে। এসব ব্যক্তিকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং প্রশাসনের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

পুশ-ইন প্রক্রিয়া আন্তর্জাতিক সীমান্ত আচরণের পরিপন্থী হিসেবে বিবেচিত হয়। এমন ঘটনা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সীমান্ত বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন