নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর, শনিবার (২৫ জানুয়ারি) ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশা কেটে গেলে সকাল ৭টা ও ভোর ৬টার দিকে দুটি রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নাসির চৌধুরী জানান, শুক্রবার রাতে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বন্ধ অবস্থায় পাঁচটি ফেরি মাঝপথে আটকা পড়ে।
এছাড়া, ঘন কুয়াশার কারণে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে উভয় পাড়ে ১৪টি ফেরি আটকা পড়ে এবং ৪ শতাধিক পণ্যবাহী ট্রাকসহ ৫ শতাধিক যানবাহন আটকে যায়, যেটি যাত্রীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়।
পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ার পর যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।











