জেলা প্রতিনিধি :
কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলায় পাথরবোঝাই ট্রাকের চাপায় নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি তানিয়া আক্তার। অন্যজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, যাত্রী নিয়ে চলছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ডাম্প ট্রাক সেটিকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও এক নারী যাত্রীর মৃত্যু হয়।
এ সময় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।











