কোকেইন সেবনের দায়ে দুই বছরের নিষেধাজ্ঞায় নিউজিল্যান্ডের সাবেক পেসার

অনলাইন ডেস্ক:

ডোপিং কেলেঙ্কারিতে আবারও বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার ডগ ব্রেসওয়েল। কোকেইন সেবনের প্রমাণ পাওয়ায় তাকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনস্থ স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা ‘দ্য ক্রিকেট রেগুলেটর’। শুক্রবার (২৪ এপ্রিল) এই সিদ্ধান্ত জানানো হয়।

 

ঘটনাটি ঘটে গত বছরের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের চেলমসফোর্ডে এসেক্স ও সমারসেটের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ চলাকালে। সেখানেই ব্রেসওয়েলের ইন কম্পিটিশন ডোপ টেস্ট করা হয়। পরবর্তীতে বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি স্বীকৃত লন্ডনের পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণে কোকেন এবং এর বিপাকীয় উপাদান বেঞ্জয়লেকগোনিনের উপস্থিতি নিশ্চিত হয়। কোকেন ইসিবির অ্যান্টি ডোপিং নীতিমালায় নিষিদ্ধ তালিকাভুক্ত।

 

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ম্যাচের প্রথম দিনের পর রাতে ব্রেসওয়েল কোকেন গ্রহণ করেন এবং তা পরদিন ভোর পর্যন্ত চলতে থাকে। বিষয়টি পরে আনুষ্ঠানিকভাবে জানানো হলে তিনি ৮ ডিসেম্বর নিজের বক্তব্যে মাদক গ্রহণের বিষয়টি স্বীকার করেন। দোষ স্বীকার করায় আলাদা শুনানির প্রয়োজন হয়নি।

 

ইসিবির অধীনস্থ নিয়ন্ত্রক সংস্থা জানায়, মাদকটি সরাসরি পারফরম্যান্স বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত না হলেও অ্যান্টি ডোপিং বিধি ভঙ্গের কারণে শাস্তি দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ শুরু ধরা হয়েছে ২০২৫ সালের ২৪ নভেম্বর থেকে, যা চলবে ২০২৭ সালের ২৩ নভেম্বর পর্যন্ত।

 

নিষেধাজ্ঞার বিষয়টি সামনে আসার পর ব্রেসওয়েল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তবে অবসরের সিদ্ধান্ত তাকে শাস্তি থেকে রেহাই দেয়নি। তিনি ইসিবি বা বিশ্ব অ্যান্টি ডোপিং সংস্থার আওতাভুক্ত যেকোনো ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

 

এদিকে তার সাবেক কাউন্টি ক্লাব এসেক্স এক বিবৃতিতে জানায়, ব্রেসওয়েলের আচরণ তারা সমর্থন করে না। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় তাকে সহায়তা করা হবে বলেও জানানো হয়। ক্লাবটি আরও উল্লেখ করে, খেলোয়াড় ও কর্মীদের কাছ থেকে সর্বোচ্চ পেশাদার আচরণ প্রত্যাশিত।

 

ব্রেসওয়েল এর আগে ২০২৪ সালেও একই ধরনের ঘটনায় এক মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ২৮টি টেস্টসহ আন্তর্জাতিক ক্রিকেটে তিনি দীর্ঘদিন খেলেছেন এবং ২০২৩ সালে অবসরের ঘোষণা দেন।

 

বিশ্লেষকদের মতে, এই ঘটনায় আবারও ক্রিকেটে ডোপিং শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেটে মাদক ব্যবহারের ঘটনা খেলোয়াড়দের ক্যারিয়ার এবং খেলার ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে মত দিচ্ছেন সংশ্লিষ্টরা।

 

রয়টার্স এবং আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ডোপিং নীতিমালা ভঙ্গের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় না দেওয়ার অবস্থানেই রয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাগুলো।