নাইজেরিয়ান ফুটবলে শোক, ম্যাচ চলাকালে সাবেক তারকার মৃত্যু

অনলাইন ডেস্ক:

নাইজেরিয়ার সাবেক তারকা স্ট্রাইকার মাইকেল এনেরামো আর নেই। শুক্রবার কাদুনার একটি প্রীতি ম্যাচ চলাকালে মাঠেই হঠাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

 

স্থানীয় সময় শুক্রবার সকালে অনুষ্ঠিত ওই ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই ঘটনা ঘটে। ৪০ বছর বয়সী এনেরামো হঠাৎ মাটিতে পড়ে গেলে সতীর্থরা ও চিকিৎসকরা দ্রুত ছুটে আসেন। মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।

 

নাইজেরিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে তিনি ম্যাচ চলাকালে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানুসি এক প্রতিক্রিয়ায় বলেন, “এটি অত্যন্ত বেদনাদায়ক। এই মুহূর্তে আমি বাকরুদ্ধ।”

 

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাঠেই তাকে বাঁচানোর জন্য দীর্ঘ সময় চেষ্টা করা হয়, তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

 

এনেরামো নাইজেরিয়ার হয়ে ১০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে তিউনিসিয়া, তুরস্ক, আলজেরিয়া ও সৌদি আরবের বিভিন্ন দলে তিনি খেলে খ্যাতি অর্জন করেন। শক্তিশালী শারীরিক গঠন ও গোল করার দক্ষতার জন্য সমর্থকদের কাছে তিনি পরিচিত ছিলেন “দ্য ট্যাংক” নামে।

 

নাইজেরিয়া ফুটবল ফেডারেশন সামাজিক মাধ্যমে লিখেছে, “তিনি ছিলেন শক্তি, অধ্যবসায় এবং নিবেদনের প্রতীক। অসংখ্য স্মরণীয় মুহূর্ত তিনি উপহার দিয়েছেন।”

 

বিশেষজ্ঞরা বলছেন, আফ্রিকান ফুটবলে মাঠে হৃদরোগজনিত মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগে মারক ভিভিয়েন ফো, শেক তিওতে এবং রাফায়েল দুয়ামেনার মতো ফুটবলাররাও একই ধরনের পরিস্থিতিতে প্রাণ হারান।

 

ফুটবল বিশ্লেষকদের মতে, এই ধরনের ঘটনা আবারও খেলোয়াড়দের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে। আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থার আগের একটি গবেষণাতেও আফ্রিকান খেলোয়াড়দের কার্ডিয়াক ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছিল।