অনলাইন ডেস্ক:
জাতীয় নারী ফুটবল দলে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ ফুটবলার তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। গতকালও তারা অনুশীলনে যোগ দেননি। অন্যদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা উইং কমিটি বিকল্প পথ খুঁজতে শুরু করেছে। বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন জানিয়েছেন, বিদ্রোহী ফুটবলারদের অনুপস্থিতির কারণে অনূর্ধ্ব-২০ দলের আরও ৩০ জন ফুটবলারকে ক্যাম্পে ডাকা হয়েছে। ফলে জাতীয় দলের ক্যাম্পে এখন ১৮ বিদ্রোহী ফুটবলার ছাড়া আরও ৪২ জন খেলোয়াড় রয়েছেন।
গতকাল দুপুরে কিছু ফুটবলারকে বাফুফের জিমে অনুশীলন করতে দেখা গেছে। তবে কোচ ও খেলোয়াড়দের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে গঠিত বিশেষ কমিটি ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে। গতকাল তারা অনুশীলন বর্জন করা ১৮ ফুটবলারের সঙ্গে কথা বলেছেন। এরপর তারা কোচের সাথেও আলোচনায় বসবেন বলে জানা গেছে।
বিশেষ কমিটির সদস্যদের সাথে কথা বলে বোঝা গেছে, তারা এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। শৃঙ্খলাভঙ্গজনিত কোনো কর্মকাণ্ডে তারা প্রশ্রয় দেবেন না। সব দিক বিবেচনা করে আগামী বৃহস্পতিবারের মধ্যে তারা বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের কাছে রিপোর্ট জমা দেবেন।











