কোটি টাকার ক্লাবে নিশো-পূজার ‘দম’

অনলাইন ডেস্ক:

এবারের ঈদুল ফিতরের সিনেমা বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় ভাসছে ছবিটি। বিশেষ করে আফরান নিশো ও পূজা চেরীর রসায়ন এবং গল্পের গভীরতা দর্শকদের মুগ্ধ করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই সিনেমার সাফল্য নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী পূজা চেরী।

বুধবার সন্ধ্যায় শুটিং স্পটের কিছু স্থিরচিত্র শেয়ার করে পূজা লেখেন, “‘দম’ শুধু একটি সিনেমা নয়, এটি এমন এক অনুভূতি যা শেষ হওয়ার পরও মনে গেঁথে থাকে।” ছবিতে ‘রানী’ চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী আরও যোগ করেন, “কিছু গল্প আমরা কেবল দেখি, আর কিছু অনুভব করি। ‘দম’ আমাদের জীবনের সেই আয়না, যেখানে ভাঙা স্বপ্ন, চেপে রাখা কান্না আর নিজের সঙ্গে নীরব যুদ্ধের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।”

সিনেমার আবেগঘন দিকটি তুলে ধরে তিনি বলেন, বাইরের শান্ত স্বভাবের আড়ালে মানুষের ভেতরে যে ঝড় বয়ে যায়, সেই অদেখা ঝড়ের গল্পই বলছে ‘দম’। পূজার মতে, এই সিনেমাটি মানুষকে নতুন করে বাঁচার সাহস জোগায়।

এদিকে কেবল প্রশংসাই নয়, ব্যবসায়িক দিক থেকেও রেকর্ড গড়ছে সিনেমাটি। বিএমআর-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চলচ্চিত্র হিসেবে বাংলাদেশের মাল্টিপ্লেক্সগুলোতে ১ কোটি টাকার গ্রস কালেকশন অতিক্রম করার গৌরব অর্জন করেছে ‘দম’। মুক্তির প্রথম পাঁচ দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১.৬৭ কোটি টাকা, যা ঢাকাই চলচ্চিত্রের জন্য এক নতুন মাইলফলক।