কোরবানির ১২ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট, কাঁচা চামড়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যেই রাজধানীর সব বর্জ্য অপসারণ করা হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এই সভায় তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকরা ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং তারা আশ্বাস দিয়েছেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই কাজ শেষ হবে।
তিনি জানান, প্রতিবারই দেখা যায় অনেক চামড়া নষ্ট হয়ে যায়, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন গরিব, এতিমখানা বা মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলো। এবার যেন সবাই চামড়ার ন্যায্য মূল্য পায় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে হাটে আরোপিত ৫ শতাংশ হাসিল অনেক বেশি বলে উল্লেখ করে তিনি জানান, আগামী বছর থেকে সেটা ৩ শতাংশে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পশুর হাটগুলোতে যেন কোনো অসুস্থ গরু বিক্রি না হয় সেজন্য প্রত্যেক হাটে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এছাড়া হাটে কেউ অসুস্থ হয়ে পড়লে তারও চিকিৎসার ব্যবস্থা থাকবে বলে জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি হাটে পর্যাপ্ত আনসার সদস্য নিয়োজিত থাকবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোরবানির প্রথম দিনেই ৯০ শতাংশ পশু জবাই হয়ে যায়। ফলে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার জন্য সিটি কর্পোরেশনগুলো সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। নগরবাসী যেন ঈদের সময় নিজের বাড়ি ফাঁকা রেখে যাওয়ার আগে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে যান, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ ঠিকভাবে বন্ধ রাখেন, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তিনি আশ্বাস দিয়ে বলেন, বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে নিরাপত্তা, চামড়ার মূল্য থেকে শুরু করে স্বাস্থ্যসেবার প্রতিটি বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে, যাতে একটি সুস্থ, নিরাপদ এবং পরিচ্ছন্ন ঈদ উদযাপন সম্ভব হয়।
