অনলাইন ডেস্ক:
সাবেক ফুটবলারদের ক্লাব কেনার ঘটনা নতুন নয়। তবে বর্তমান খেলোয়াড়দেরও ক্লাবের মালিকানা নেওয়ার নজির দেখা যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য উদাহরণ কিলিয়ান এমবাপে ও এনগোলো কান্তে। এবার তাদের পথেই হাঁটতে চলেছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পর্তুগালের দ্বিতীয় সারির একটি ক্লাব কেনার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন।
স্প্যানিশ রেডিও স্টেশন কাডিনা কোপে প্রথম ভিনিসিয়ুসের ক্লাব কেনার খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসাকে বহুমুখী করতে এবং অবসরের পর নিজেকে ব্যস্ত রাখার পরিকল্পনা থেকেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন ভিনিসিয়ুস। বর্তমানে তিনি বেশ কিছু বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং আর্থিকভাবে ভালো অবস্থানে রয়েছেন।
ভিনিসিয়ুসের বর্তমান আর্থিক সফলতার একটি বড় অংশ এসেছে তার পেশাদার চুক্তি থেকে। তিনি নাইকি কোম্পানির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ। এছাড়া রক নেশন, যা একটি আমেরিকান বিনোদন কোম্পানি, তার প্রতিনিধিত্ব করছেন। এই প্রতিষ্ঠানগুলো ছাড়াও ভিনিসিয়ুস ব্রাজিলে নিজের দাতব্য প্রতিষ্ঠান ‘ভিনি জুনিয়র ইনস্টিটিউট’ পরিচালনা করেন, যা সমাজসেবামূলক কার্যক্রমে যুক্ত।
বর্তমানে ভিনিসিয়ুস অবস্থান করছেন সৌদি আরবের জেদ্দায়। চলমান স্প্যানিশ সুপারকোপার ফাইনালে রিয়াল মাদ্রিদ আজ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে। রিয়ালের জার্সিতে শিরোপার জন্য লড়াইয়ের মাঝেই তার ক্লাব কেনার পরিকল্পনার খবর ফুটবল মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
ফুটবলে দাপট দেখানোর পাশাপাশি নিজেকে ব্যবসায়িক দুনিয়াতেও প্রতিষ্ঠিত করতে চাইছেন ভিনিসিয়ুস। ক্লাব কেনার মাধ্যমে ব্রাজিলিয়ান তারকা নিজের পেশাগত জীবনকে আরও বিস্তৃত করার ইঙ্গিত দিচ্ছেন। ফুটবল বিশ্বের অনেকেই তার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন।











