ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই সংস্কারের বিরুদ্ধে বিএনপি: আখতার

নিজস্ব প্রতিবেদক:

এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বললেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার কমিশন গঠন করা হলে এতদিনে সংস্কারের কাজ শেষ হয়ে যেত। নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকেই সংস্কার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার পর থেকেই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

 

আজ বুধবার রাতে কালীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে স্থানীয় বানিনগর হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

আখতার হোসেন আরও বলেন, বাংলাদেশের মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে। প্রশ্ন হচ্ছে, বিএনপির মতামত বড় নাকি জনগণের মতামত বড়? জনগণের মতামতই সবচেয়ে বড়। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে জনগণের রায়কে গুরুত্ব দিচ্ছে না। তারা নিজেদের মতো করে দেশ পরিচালনা করতে চায় এবং জনগণের রায়কে উপেক্ষা করেছে।

 

আখতার হোসেন আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম চলাকালে বিএনপি দ্রুত নির্বাচন আদায় করে নিলেও ক্ষমতা গ্রহণের ছয় মাস পেরিয়ে গেলেও স্থানীয় সরকার নির্বাচন দিতে ভয় পাচ্ছে।

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন দেয়ার কথা বলা হলেও এখন আগামী বছরের প্রথম দিকে নির্বাচন আয়োজনের কথা বলা হচ্ছে।

 

গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ঘোষিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জে জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।