খরচ ও সময়ের চাপে দ্বিতীয় সন্তান থেকে সরে আসছেন বহু দম্পতি: জাতিসংঘ
অনলাইন ডেস্ক:
বয়স ও ইচ্ছা থাকলেও সন্তান নেওয়ার সক্ষমতা রাখেন না—এমন মানুষের সংখ্যা বিশ্বজুড়ে বাড়ছে। অর্থনৈতিক সংকট, সময়ের অভাব, গর্ভধারণে জটিলতা ও জীবনের চাপে কাঙ্ক্ষিত সংখ্যক সন্তান নিতে পারছেন না কোটি কোটি মানুষ। সম্প্রতি জাতিসংঘের জনসংখ্যা তহবিল (UNFPA) প্রকাশিত এক জরিপে উঠে এসেছে এ চিত্র।
মুম্বাইয়ের ওষুধ কোম্পানির কর্মী নম্রতা নাংগিয়া ও তার স্বামী টায়ার কোম্পানির এক্সিকিউটিভ। তাদের পাঁচ বছরের কন্যাসন্তান রয়েছে। আরেকটি সন্তান নেওয়ার কথা ভাবলেও, প্রতিদিনকার ব্যয়, স্কুল ফি, কো-কারিকুলার খরচ ও সময়ের চাপ বিবেচনায় তারা সেই সিদ্ধান্ত বারবার পিছিয়ে দিচ্ছেন।
নম্রতা বলেন, “একজন মায়ের অপরাধবোধ হয় যখন আমি বুঝি, সন্তানের সঙ্গে সময় কাটাতে পারছি না। আরেকটি সন্তান নেওয়ার মানে হবে সেই সময় ও শক্তির আরও টান।”
জাতিসংঘ জরিপের ফলাফল বলছে—বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ মানুষের প্রতিনিধিত্বকারী ১৪টি দেশে ১৪ হাজার মানুষের ওপর চালানো এই জরিপে দেখা যায়, অধিকাংশ মানুষ বাস্তবে তাদের কাঙ্ক্ষিত সন্তানসংখ্যা অর্জন করতে পারছেন না। এতে অর্থনৈতিক সীমাবদ্ধতাকেই সবচেয়ে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে (৩৯%)।
দক্ষিণ কোরিয়ায় এই হার সর্বোচ্চ—৫৮ শতাংশ। অন্যদিকে সুইডেনে এই হার ১৯ শতাংশ। গর্ভধারণে সমস্যা রয়েছে এমন উত্তরদাতার সংখ্যা মাত্র ১২ শতাংশ। ভারতে এই হার ১৩ শতাংশ।
জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ড. নাটালিয়া কানেম বলেন, “বিশ্বজুড়ে জন্মহার নজিরবিহীন হারে কমছে। অধিকাংশ মানুষ দুই বা ততোধিক সন্তান চাইলেও বাস্তবে তা পারছেন না। সেটাই আসল সংকট।”
বিশেষজ্ঞদের মতে, জন্মহার কমে যাওয়া কেবল একটি ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়, বরং এটি সামাজিক, অর্থনৈতিক ও নীতিগত বাস্তবতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফিনল্যান্ড সরকারের পরামর্শদাতা জনসংখ্যা বিশ্লেষক আনা রোটকির্চ বলেন, “মানুষ যত সন্তান চায়, তার চেয়ে কম নিচ্ছে—এটি বৈশ্বিক প্রবণতা।”
তিনি আরও বলেন, “৫০ বছরের বেশি বয়সী উত্তরদাতাদের মধ্যে ৩১ শতাংশ জানিয়েছেন, তারা যত সন্তান চেয়েছিলেন, তত নিতে পারেননি। এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতা।”
জরিপের তথ্যে আরও দেখা গেছে, কর্মব্যস্ততা ও সময়ের অভাব অনেক সময় অর্থনৈতিক সমস্যার চেয়েও বড় বাধা হয়ে দাঁড়ায়। মুম্বাইয়ের নম্রতার প্রতিদিন অফিস যাতায়াতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা। এতে পরিবারের সময় দেওয়া, ঘুম বা বিশ্রামের সুযোগও কমে যায়।
এদিকে, জনসংখ্যা কমে যাওয়ার বিষয়টি নিয়ে জাতিসংঘের অবস্থানেও এসেছে পরিবর্তন। আগে যেখানে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও জন্মনিয়ন্ত্রণ নিয়েই বেশি জোর দেওয়া হতো, এখন সেই জায়গায় এসেছে জন্মহার পতনের বিষয়ে সরব হওয়ার প্রবণতা।
তবে জাতিসংঘ ও বিশ্লেষকরা সতর্ক করছেন—জন্মহার পতন নিয়ে আতঙ্কিত হয়ে যেন কোনো রাষ্ট্র চাপে পড়ে জনসংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে নারীকে লক্ষ্য করে অনৈতিক বা রক্ষণশীল নীতি না নেয়।
জাতিসংঘ জানিয়েছে, এই জরিপের ভিত্তিতে আরও ৫০টি দেশে বিস্তারিত গবেষণা চালানো হবে, যাতে সন্তান নেওয়া নিয়ে সামাজিক কাঠামো ও নীতিনির্ধারণে পরিবর্তন আনা যায়।
