ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বাফুফের পাওনা মানতে নারাজ ফাহাদ, হিসাব নিয়ে জটিলতা

প্রকাশিত: 26 November 2026, 7:53 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

আর্থিক হিসাব-নিকাশের অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তিতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিশেষ করে কে-স্পোর্টস ও বসুন্ধরা গ্রুপের সঙ্গে ফেডারেশনের দেনা-পাওনার হিসাব দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। এ নিয়ে অডিট কমিটির পর্যবেক্ষণের পর নির্বাহী কমিটির সভায় আলোচনা হয়েছে। বিষয়টি সমাধানে দায়িত্ব দেওয়া হয়েছে দুই কর্মকর্তাকে। তবে যাদের কাছে বাফুফের টাকা পাওনা বলে দাবি করা হচ্ছে, তাদের বক্তব্য আবার ভিন্ন। তারা বলছেন, ফেডারেশনের কাছে বরং তাদেরই পাওনা রয়েছে।

কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফের আগের কমিটির সময়ে কে-স্পোর্টসের কাছে ফেডারেশনের পাওনা ছিল ২ কোটি টাকার বেশি। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফাহাদ করিম বর্তমানে বাফুফের সহসভাপতি। পুরোনো দেনা-পাওনার হিসাব নিষ্পত্তি না হলেও ফেডারেশনে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, বাফুফের সঙ্গে বর্তমানে কাজ করা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটির সঙ্গেও যুক্ত রয়েছেন ফাহাদ। এমনকি সাফের সঙ্গেও কাজ করছে প্রতিষ্ঠানটি।

তবে বাফুফের পাওনার দাবি মানতে নারাজ ফাহাদ করিম। তিনি বলেছেন, ‘বাফুফে আমার কাছে কিছু পাবে না। যা পাবে তার চেয়ে বেশি আমি দিয়েছি। আমি তাদের কাছে টাকা পাবো। এ নিয়ে আগে অ্যাকাউন্টসে যারা ছিলেন, তারা ভালো জানেন। আগের কমিটির আব্দুস সালাম মুর্শেদী ভাইকেও কাগজপত্র দিয়েছিলাম। উনি তা দেখে আর কিছু বলেননি। বর্তমান কমিটিরও অনেকেই জানেন। এখন আবার অডিট কমিটির মাধ্যমে নতুন করে বিষয়টি এসেছে। আমি মনে করি, এর সমাধান করা উচিত। ফেব্রুয়ারির এজিএমে বিষয়টি উঠলে আমিও কাগজপত্র দেখাতে পারবো। আসলে বাফুফেতে কেউ কেউ আমার ভালো দেখতে চায় না।’

অন্যদিকে বসুন্ধরা গ্রুপের কাছে বাফুফের পাওনা তিন কোটি টাকার বেশি। ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান আবার বসুন্ধরা গ্রুপে কর্মরত। এর আগে কয়েক দফায় দেনা-পাওনা সমন্বয়ের তাগিদ দিয়েছেন তিনি। কারণ, স্পনসরশিপ বাবদ বসুন্ধরা গ্রুপের কাছে অর্থ পায় বাফুফে। আবার প্রাইজমানি, অংশগ্রহণ ফিসহ বিভিন্ন খাতে বসুন্ধরা গ্রুপেরও পাওনা রয়েছে ফেডারেশনের কাছে। দুই পক্ষের পাওনা সমন্বয় না হওয়ায় দীর্ঘদিন ধরে ঝুলে আছে বিষয়টি।

এ নিয়ে আগের দিন বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী বলেছেন, ‘বিষয়টি অনেক দিন ধরে অমীমাংসিত। তাদের পক্ষ থেকেও কিছু পয়েন্ট রয়েছে। সবকিছু মিলিয়ে বিষয়টি সুন্দরভাবে মী মীমাংসার জন্য দুই জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। যে দুই জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের কোনো কনফ্লিক্ট অব ইন্টারেস্ট নেই।’

আগামী বছরের ফেব্রুয়ারিতে বাফুফের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। তার আগেই কে-স্পোর্টস ও বসুন্ধরা গ্রুপের সঙ্গে দেনা-পাওনার হিসাব চূড়ান্তভাবে নিষ্পত্তি করাই এখন ফেডারেশনের সামনে বড় চ্যালেঞ্জ।

মন্তব্য করুন