খাগড়াছড়িতে পারিবারিক কলহে মা-বাবাকে কুপিয়ে জখম, ছেলে আটক

জেলা প্রতিনিধি :

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নে পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আবুল কালাম নামে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আবুল কালাম নেশাগ্রস্ত অবস্থায় রাতে ঘরে ঢুকে দা দিয়ে তার মা-বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাদের চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এসে কালামকে আটক করে এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করে।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফিকুল ইসলাম তৌফিক জানান, আবুল কালাম বর্তমানে থানা হেফাজতে রয়েছে। মূলত নেশা করতে বাধা দেওয়ার কারণেই তার সঙ্গে মা-বাবার দ্বন্দ্ব তৈরি হয়, যা এই হামলার কারণ বলে ধারণা করা হচ্ছে। আহত মা-বাবাকে প্রাথমিকভাবে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।