খুলনায় কৃষি ব্যাংকে লকার ভেঙে ১৬ লাখ টাকা লুটের অভিযোগ

জেলা প্রতিনিধি :

খুলনার রূপসায় অবস্থিত কৃষি ব্যাংকের পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস শেষে ব্যাংক বন্ধ হয়ে যায়। রাতে কোনো নিরাপত্তা প্রহরী না থাকায় চোরেরা এই সুযোগ নেয়। শুক্রবার রাত ১০টার দিকে এক প্রহরী এসে দেখে কলাপসিবল গেটের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়।

পরে রূপসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, ব্যাংকে প্রায় ২০ লাখ টাকা রাখা ছিল, যার মধ্যে ১৬ লাখ টাকা উধাও হয়ে গেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “আমরা ধারণা করছি, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে শুক্রবার রাতের মধ্যে চুরির ঘটনা ঘটে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। চোরদের খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “ঘটনার রাতে ব্যাংকে কোনো প্রহরী নিযুক্ত ছিল না, যা ব্যাংকের বড় গাফিলতি। এই সুযোগে দুর্বৃত্তরা ঢুকে লকার ভেঙে টাকা নিয়ে গেছে।”

এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি, তবে পুলিশ বলেছে, জড়িত কেউই রেহাই পাবে না।