গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা বহাল

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করে বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করেছে এবং তা এখন টাঙ্গাইল ও আশপাশের এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। শুক্রবার (৩০ মে) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি উত্তর বা উত্তরপূর্ব দিকে সরে গিয়ে বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। ফলে দেশের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২-৩০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সকালে ঢাকায় বাতাসে আর্দ্রতা ছিল ৮৬% এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।