অনলাইন ডেস্ক:
গ্রীষ্মকালে বাজারে সহজলভ্য একটি ফল হলো কাঁঠাল। কেউ এর ঘ্রাণ ও স্বাদের প্রেমে পড়ে যান, কেউ আবার খুব একটা পছন্দ করেন না। তবে কাঁঠাল খেতে ভালো লাগুক বা না লাগুক, এর পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।
আকৃতিতে বড়, মিষ্টি, রসালো এই ফলটি ফাইবার, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদানে পরিপূর্ণ। এতে চর্বি ও কোলেস্টেরল নেই বললেই চলে। চলুন দেখে নেওয়া যাক কাঁঠাল খাওয়ার ৫টি বড় উপকারিতা:
১. শরীরকে হাইড্রেট রাখে
কাঁঠালে রয়েছে উচ্চমাত্রার পানি, যা গরমে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে সাহায্য করে। ঘামে হারিয়ে যাওয়া তরল পূরণে এটি কার্যকর, ফলে ডিহাইড্রেশন থেকে রক্ষা পাওয়া যায়।
২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কাঁঠাল শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। নিয়মিত খেলে মৌসুমী ঠান্ডা, জ্বর বা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে।
৩. হজমশক্তি উন্নত করে
প্রাকৃতিক আঁশে ভরপুর এই ফল কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সহায়ক। গ্রীষ্মের তাপের কারণে ধীর হয়ে পড়া পাচনতন্ত্রে গতি ফিরিয়ে আনে কাঁঠালের ফাইবার উপাদান।
৪. দ্রুত শক্তি দেয়
ফ্রুক্টোজ ও সুক্রোজের মতো প্রাকৃতিক চিনি থাকার কারণে কাঁঠাল তাৎক্ষণিক শক্তির জোগান দেয়। যারা ফিটনেস বা শারীরিক পরিশ্রম করেন, তাদের জন্য এটি দারুণ স্ন্যাকস।
৫. হৃদরোগের ঝুঁকি কমায়
পটাশিয়ামের সমৃদ্ধ উৎস হিসেবে কাঁঠাল রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রক্তনালীর সুরক্ষায় ভূমিকা রাখে। এর ফলে হৃদরোগের ঝুঁকিও হ্রাস পায়।
এই গ্রীষ্মে পাতে রাখুন কাঁঠাল। স্বাস্থ্য থাকবে ভালো, শক্তি ও সতেজতাও মিলবে প্রাকৃতিকভাবেই।











