অনলাইন ডেস্ক:
ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক দিনে অন্তত ৮১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দক্ষিণ গাজার দুটি হাসপাতালের আশপাশে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন, আর মধ্যরাতের পর উত্তর গাজায় হামলায় নিহত হয়েছেন আরও অন্তত ৫১ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গাজা উপত্যকার ওপর হামলা আরও জোরদার করেছে। বিশেষ করে বেসামরিক স্থাপনা ও হাসপাতালের আশপাশে চালানো হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। দক্ষিণ গাজার ইউরোপীয় ও নাসের হাসপাতালের কাছে বিমান হামলায় নিহতদের মধ্যে চিকিৎসা নিতে আসা এক ফিলিস্তিনি সাংবাদিকও রয়েছেন।
চিকিৎসক ও স্থানীয় স্বাস্থ্যকর্মীদের বরাতে জানা গেছে, উত্তর গাজায় মধ্যরাতের পর শুরু হওয়া একাধিক হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন, অন্য এলাকায় প্রাণ হারিয়েছেন আরও ছয়জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫২,৯০৮ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১,১৯,৭২১ জন। চলতি বছরের ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় নিহত হয়েছেন ২,৭৮০ জন, আহত প্রায় ৭,৭০০।
বাস্তুচ্যুতি ও ধ্বংসস্তূপে পরিণত গাজা
জাতিসংঘের তথ্যমতে, চলমান আক্রমণের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ ইতোমধ্যেই বাস্তুচ্যুত হয়েছেন। তীব্র খাদ্য ও ওষুধ সংকটে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। উপত্যকার বেশিরভাগ অবকাঠামো আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এদিকে, চলতি বছরের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল এই নতুন দফার আক্রমণ শুরু করে, যা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের জন্ম দিয়েছে।
আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা
গত বছরের নভেম্বরে গাজায় সম্ভাব্য যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া, ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় চালানো অভিযানের জন্য গণহত্যার মামলার মুখোমুখি।











