গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৮

অনলাইন ডেস্ক:

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতটি শিশু এবং এক নারী রয়েছে। ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের দাইর আল-বালাহ শহরের আল-আকসা শহিদ হাসপাতাল জানিয়েছে, বুধবার রাত থেকে শুরু হওয়া বিমান হামলার ফলে নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়ি ধসে পড়ে। এছাড়া, দুটি পৃথক হামলায় আরও ১৫ জন নিহত হয়েছে। নিহতরা ত্রাণবাহী গাড়িবহরের নিরাপত্তা কমিটির সদস্য ছিলেন, যাদের মাধ্যমে হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা কমিটি গঠন করে।

খান ইউনুসের নাসের হাসপাতাল জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী শহর রাফাহের কাছে একটি বিমান হামলায় অন্তত ৮ জন এবং খান ইউনিসের কাছে আরেকটি হামলায় আরও ৭ জন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৮০০ জনে পৌঁছেছে, যার অর্ধেকের বেশি নারী ও শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল, যার ফলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।

এছাড়া, ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, যুদ্ধে ১৭ হাজারের বেশি হামাস যোদ্ধাকে তারা হত্যা করেছে, তবে এ সংক্রান্ত কোনো প্রমাণ তারা প্রকাশ করেনি।