গুণী শিক্ষক সম্মাননা ১২ থেকে বেড়ে ১০০ জন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা ১২ থেকে বাড়িয়ে এবার ১০০ জন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষককে এই সম্মাননার আওতায় আনা হবে। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের সম্মাননা দেওয়া হবে।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহ্‌দী আমিন।

 

মাহ্‌দী আমিন বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হয়ে আসছে। এ বছর প্রথমবারের মতো সেই সংখ্যা বাড়িয়ে ১০০ জন করা হচ্ছে।

 

সম্মাননার জন্য শিক্ষার বিভিন্ন স্তরের শিক্ষককে বিবেচনায় নেওয়া হবে। প্রাথমিক শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সাধারণ, কারিগরি ও মাদরাসা শিক্ষকরাও এই তালিকায় থাকবেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও সম্মাননার জন্য নির্বাচন করা হবে।

 

বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুধু সাধারণ বিষয় নয়, চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞানসহ বিভিন্ন বিশেষায়িত শাখা থেকেও শিক্ষক নির্বাচন করা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা।

 

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে নির্বাচিত ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার কথা রয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় শিক্ষাসচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।