পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে আগের সিদ্ধান্ত বাতিল করল ইউজিসি
নিজস্ব প্রতিবেদক:
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে গত ৯ নভেম্বর নেওয়া বিতর্কিত সিদ্ধান্তটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি-বিধান ও একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা ও কার্যক্রম পরিচালনা করতে পারবে।
রাজধানীর ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এই বিশেষ সভায় কমিশনের সব সদস্য এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা অংশ নেন। সভা শেষে ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সভায় মূলত গত ৯ নভেম্বর অনুষ্ঠিত উপাচার্যদের সভার সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করা হয়। ওই সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা শুরু না করার অনুরোধ জানানো হয়েছিল। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা বজায় রেখে নিজ নিজ আইন ও বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনার বিষয়টিও উল্লেখ করা হয়েছিল।
তবে ৯ নভেম্বরের ওই সিদ্ধান্তের পর বিভিন্ন মহলে ভুল-বোঝাবুঝি তৈরি হওয়ায় পরিস্থিতি স্পষ্ট করতে বুধবার এই বিশেষ সভা ডাকা হয়। সভায় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনার আইনগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা এবং একাডেমিক স্বায়ত্তশাসনের বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
বিস্তারিত আলোচনার পর সভায় সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমত, ৯ নভেম্বরের সভায় গৃহীত আগের সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়গুলো এখন থেকে তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে। এছাড়া সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনায় তাদের আইনগত স্বায়ত্তশাসন ও স্বাধীনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
