গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক:

গুলিস্তানের ব্যস্ত বাণিজ্যিক এলাকা সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জাশিম জানান, আগুন প্রথমে মার্কেটের পঞ্চম তলায় লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টার চেষ্টার পর, বেলা ১১টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বর্তমানে আগুন নিভে গেলেও ঘটনাস্থলে ঘন ধোঁয়া এখনও দৃশ্যমান রয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে দ্রুতই আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।