জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এনসিপির কেন্দ্রীয় নেতারা আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রায় অংশ নিতে আসার কথা ছিল। সেই কর্মসূচিকে বানচাল করতে একদল দুর্বৃত্ত উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় ও ভাঙচুর চালায়।
হামলায় আহত হয়েছেন সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার এবং মিনহাজ। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ঘটনাস্থলে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন এবং একটি গাড়ি পুড়ে গেছে। তদন্ত চলছে।”
উল্লেখ্য, এনসিপি ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবেই আজ গোপালগঞ্জ শহরে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। উলপুর-দুর্গাপুর সড়ক ব্যবহার করে তাদের গাড়িবহর যাওয়ার কথা ছিল, সে কারণেই ঐ এলাকায় পুলিশ টহল দিচ্ছিল।











