গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ছাত্রলীগের হামলা

জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। সমাবেশস্থলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একইসঙ্গে সকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় এবং সদর ইউএনও’র গাড়িবহরেও হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশস্থলে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

স্থানীয়রা জানান, ছাত্রলীগের কর্মীরা হঠাৎ মিছিল নিয়ে এসে সমাবেশস্থলে চড়াও হয়। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা শহরে থাকলেও মঞ্চে উপস্থিত ছিলেন না।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর এলাকায় এনসিপির পদযাত্রা ঠেকাতে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ওসি মির মো. সাজেদুর রহমান জানান, হামলার সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা সেখানে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টির আজকের পদযাত্রা বানচালের উদ্দেশ্যে উলপুরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো নির্ভরযোগ্য তথ্য এখনও পাওয়া যায়নি।”

জাতীয় নাগরিক পার্টি ১ জুলাই থেকে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। গতকাল (১৫ জুলাই) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে আজকের কর্মসূচিকে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ শিরোনামে প্রচার করা হয়।

এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করেছে।