নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জের বেদগ্রামে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বাসের আরও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নেয়ামুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুরগামী ‘দোলা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপরই উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহীসহ মোট চারজন মারা যান। এর মধ্যে দুজন মোটরসাইকেলের এবং বাকি দুজন বাসের যাত্রী ছিলেন। এছাড়া দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ৮ বছরের এক শিশুকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসের আরও ২০ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ। ঘটনা তদন্তে কাজ চলছে।











