গ্রিন টি শুধু পানীয় নয়, রূপচর্চার উপকারী উপাদান

অনলাইন ডেস্ক:

বাংলাদেশিদের চা-প্রীতি প্রায় প্রবাদতুল্য। সকাল-বিকেল থেকে শুরু করে অফিসের ফাঁকফোকরে কিংবা আড্ডার টেবিলে—চা যেন আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। তবে শুধু ক্লান্তি দূর করা নয়, রূপচর্চার ক্ষেত্রেও চা বিশেষত গ্রিন টি হয়ে উঠছে বিশ্বব্যাপী জনপ্রিয় একটি উপাদান।

চায়ে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী। তাই রাসায়নিক পণ্যের বদলে ঘরে বসেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক গ্রিন টি বেইজড রূপচর্চার উপাদান।

নিচে রইল গ্রিন টি ব্যবহারের ৭টি কার্যকর উপায়—

১. টোনার

গ্রিন টি, গোলাপজল, গ্লিসারিন ও অ্যালোভেরা জেল মিশিয়ে তৈরি করুন প্রাকৃতিক টোনার। প্রতিদিন মুখ ধোয়ার পর ব্যবহার করলে ত্বক টানটান ও উজ্জ্বল হবে।

২. চুলের গোড়া মজবুত করতে

ফুটিয়ে ঠান্ডা করা গ্রিন টি দিয়ে চুল ধুলে চুল পড়া কমবে এবং হেয়ার ফলিকল উদ্দীপিত হয়ে নতুন চুল গজাবে।

৩. ক্লিনজার

সাধারণ ক্লিনজারের সঙ্গে গ্রিন টি মিশিয়ে ব্যবহার করলে ত্বক পরিষ্কার থাকবে এবং আর্দ্রতা বজায় থাকবে।

৪. ফেসপ্যাক

বেসন, ডিমের সাদা অংশ, মধু, কাঠবাদাম গুঁড়া ও গ্রিন টি মিশিয়ে তৈরি ফেসপ্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

৫. কালচে দাগ দূর করতে

চিনি, চালের গুঁড়া, কাঠবাদাম গুঁড়া ও গ্রিন টি দিয়ে তৈরি স্ক্রাব ত্বকের মরা কোষ দূর করে দাগ হালকা করে।

৬. ময়েশ্চারাইজার

কলা, মধু, টক দই ও গ্রিন টি দিয়ে তৈরি মাস্ক শুষ্ক ত্বকের জন্য আদর্শ ময়েশ্চারাইজার।

৭. ডিওডোরেন্ট

আন্ডারআর্ম ও পায়ের দুর্গন্ধ দূর করতে গোসলের পর ঠান্ডা গ্রিন টি ব্যবহার করুন—একটি প্রাকৃতিক ও কার্যকর বিকল্প।

চায়ের কাপের সঙ্গে জীবন যেমন সুন্দর হয়, তেমনি চায়ের উপাদান দিয়েও নিজের যত্ন নেওয়া যায় ঘরোয়া উপায়ে। নিয়মিত ব্যবহারে রাসায়নিক ছাড়াই ত্বক ও চুলের যত্নে মিলবে প্রকৃতির স্পর্শ।