চাঁদপুরে বাস-সিএনজির সংঘর্ষে দুইজন নিহত

জেলা প্রতিনিধি :

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত এবং শিশুসহ আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (৮ জুন) বিকালে চাঁদপুর-মতলব সড়কের বরদিয়া আড়ং এলাকার ব্রিজ সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মতলব উত্তর উপজেলার ছোট হলদিয়া গ্রামের সিএনজির চালক সিদ্দিকুর রহমান (৫০) এবং ফতেহপুর গ্রামের যাত্রী তপন চৌধুরী (৩৫)।

স্থানীয়রা জানায়, ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহী জৈনপুর পরিবহন বাস রওনা দেয়। অপরদিকে, চাঁদপুরগামী সিএনজিতে শিশুসহ ছয়জন যাত্রী ছিলেন। ব্রিজ সংলগ্ন মোড়ে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে seven জন আহত হন। তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিদ্দিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। অপর দুই যাত্রী তপন ও এক শিশুকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তপন চৌধুরীকে মৃত ঘোষণা করা হয়। আহত শিশু ফাহিমকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ জানান, সিএনজি ও বাস জব্দ করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।