চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপল পার্বত্য অঞ্চল

অনলাইন ডেস্ক:

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে অনুভূত হওয়া এই ভূকম্পনটি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। চীন ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু জেলার দুর্গম পার্বত্য এলাকায়।

প্রাথমিক তথ্যে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিইএনসির তথ্যমতে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে সৃষ্ট এই ভূমিকম্পের উৎপত্তিস্থলের পাঁচ কিলোমিটারের মধ্যে গড় উচ্চতা প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার। তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে এই কম্পন অনুভূত হলেও, দুর্গম এলাকা হওয়ায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পেতে সময় লাগছে।

২০২৪ সালের জানুয়ারি মাসের পর এটিই চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ২০১০ সালে প্রতিবেশী কিংহাই প্রদেশের ইউশুতে ৭.১ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২ হাজার ৬৯৮ জনের মৃত্যু হয়েছিল এবং প্রায় ৩০০ জন নিখোঁজ হয়েছিলেন। আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল সেই ইউশু থেকে মাত্র ২৮০ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।