চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামের মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুরাতন বাস্তবপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (১৯) এবং সেলিম উদ্দিনের ছেলে সুইট (২৫)।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে নাহিদ ও সুইট মোটরসাইকেলযোগে রঘুনাথপুর গ্রাম থেকে ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের ধাক্কা দিলে দুজনেই ছিটকে রাস্তার ওপর পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়েছে। ওসি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।