জেলা প্রতিনিধি:
মাঘ মাসের শেষের দিকে এসে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। যদিও কয়েকদিন ধরে শীতের তীব্রতা কিছুটা কমে এসেছিল, মাঘ মাসের শেষ পর্যায়ে অর্থাৎ গত দু’দিনে আবারও শীত বৃদ্ধি পায়, যার ফলে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে।
হিমেল বাতাসের কারণে শরীরে কাঁপুনি ধরছে এবং বিশেষত জেলার ছিন্নমূল মানুষ ও দিনমজুরদের জন্য শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। আবহাওয়া অফিস জানায়, আজ থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, যা আগামী ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে।
রিকশাচালক লিয়াকত আলী জানান, ‘কয়েকদিন ঠান্ডা কম ছিল, তবে গত দু’দিনে শীতের তীব্রতা বেড়ে গেছে। হাত-পা কাঁপছে, দিনে রোদ থাকায় শীত তেমন অনুভূত না হলেও বিকাল থেকে শীতের তীব্রতা বাড়ে।’
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘আজ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে। আগামীকাল (রবিবার) থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে, তবে পরে আবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।’











