অনলাইন ডেস্ক:
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকের অপেক্ষায় ছিলেন লিটন দাস। করাচি কিংসের হয়ে প্রথমবারের মতো খেলতে যাচ্ছিলেন এই বাংলাদেশি টপ অর্ডার ব্যাটার। কিন্তু মাঠে নামার আগেই তার স্বপ্নভঙ্গ হলো। প্রস্তুতি ক্যাম্পে অনুশীলনের সময় চোট পেয়ে ছিটকে গেলেন তিনি। স্ক্যানে ধরা পড়েছে হেয়ারলাইন ফ্র্যাকচার, যার ফলে লিটনকে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
চোট পাওয়ার পর করাচি থেকে দেশে ফিরেছেন লিটন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) এক আবেগঘন বার্তায় লিটন লিখেছেন, “করাচি কিংসের হয়ে খেলতে মুখিয়ে ছিলাম, কিন্তু আল্লাহর হয়তো অন্য পরিকল্পনা ছিল। অনুশীলনের সময় চোট পেয়েছি, স্ক্যানে চিড় ধরা পড়েছে। চিকিৎসা ও বিশ্রামের কারণে দেশে ফিরছি।”
গত শনিবার মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে করাচি কিংসের এবারের পিএসএল অভিযান শুরু হওয়ার কথা ছিল। তার আগেই করাচিতে দলের প্রস্তুতি ক্যাম্পে আঙুলে আঘাত পান লিটন। স্ক্যান করে দেখা যায়, এটি হেয়ারলাইন ফ্র্যাকচার। চিকিৎসকদের মতে, এ চোটে পুরোপুরি বিশ্রাম না নিলে তা দীর্ঘমেয়াদি জটিলতায় পরিণত হতে পারে।
এই চোট শুধু লিটনের জন্য নয়, করাচি কিংস ও পুরো পিএসএলের জন্যও এক বড় ধাক্কা। ইতোমধ্যে তিনজন বিদেশি তারকা ছিটকে গেছেন লিগ শুরুর আগেই। আইপিএলে ডাক পাওয়ায় দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বোচ পিএসএল থেকে সরে দাঁড়িয়েছেন, যার কারণে তাঁকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে লিগ কর্তৃপক্ষ। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনও ইনজুরির কারণে প্রথমভাগে খেলতে পারছেন না।
করাচি কিংসের হয়ে লিটনের অভিষেক তো হলোই না, বরং তাঁকে রাখা হয়েছিল মূলত উইকেটরক্ষক ব্যাটার টিম সেইফার্টের ব্যাকআপ হিসেবে। এখন প্রশ্ন উঠছে, লিটনের পরিবর্তে নতুন কোনো খেলোয়াড় অন্তর্ভুক্ত করবে কি না করাচি কিংস। তবে সময় স্বল্পতার কারণে দলটি সিদ্ধান্তহীনতায় রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লিটনকে পিএসএলে অংশ নেওয়ার অনুমতি দিয়েছিল, কারণ এই মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু এখন পিএসএলেও খেলা হচ্ছে না তাঁর। ফলে জাতীয় দলে সুস্থভাবে ফেরা এখন তাঁর প্রধান লক্ষ্য।
সব ঠিকঠাক থাকলে দুই সপ্তাহ পর লিটন মাঠে ফিরতে পারেন। তবে তা পিএসএলে নয়, সম্ভবত দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে।











