চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় আটক ৫

বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু

জেলা প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়েছে।

এ ঘটনা ঘটেছে রোববার (২২ ডিসেম্বর) দুপুরে এবং এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর, সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচজনকে আটক করা হয়।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম জানান, এখন পর্যন্ত আবদুল হাই কানু মিয়ারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

ঘটনার পর, নিরাপত্তাজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু তার বাড়ি ছেড়ে ফেনীতে চলে যান। ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং বর্তমানে সেখানকার ছেলের বাসায় রয়েছেন। তিনি জানিয়েছেন, পুলিশ নিরাপত্তা নিশ্চিত করলে চৌদ্দগ্রামের নিজ বাড়িতে ফিরে যাওয়ার ইচ্ছা রয়েছে।

এদিকে, সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম এবং চৌদ্দগ্রাম থানার ওসি এ টি এম আক্তারুজ্জামান। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহমত উল্লাহ জানান, “এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়ায় দেখেছি। আমি চৌদ্দগ্রাম থানার ওসি ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেছি।”