ছাত্র আন্দোলনে ত্রাস সৃষ্টিকারী ঠাকুরগাঁওয়ের ‘রামদা জ্যোতি’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের শহরের আশ্রমপাড়া এলাকা থেকে রাম দা হাতে ছাত্র আন্দোলনে ত্রাস সৃষ্টি করা ‘রামদা জ্যোতি’ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রাবর গভীর রাতে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জ্যোতি নাট্যজন রূপকুমার গুহ ঠাকুরতার সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশ কনস্টেবল পদে কিছুদিন চাকরি করলেও পরে চাকরিচ্যুত হন। ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে জেলা যুবলীগের একদল কর্মীর সঙ্গে মিলে তিনি প্রকাশ্য দিবালোকে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা চালান। প্রত্যক্ষদর্শীরা জানান, খালি গায়ে রাম দা হাতে আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা চালানো হয়, যার ফলে বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন।

হামলার পর জ্যোতি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নাশকতা, হামলা ও অস্ত্র আইনসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

গোলাম মাওলা নামে এক আন্দোলনকারী বলেন, “জ্যোতির গ্রেপ্তারের খবরে আমরা সন্তুষ্ট। হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানোর সাহস না পায়।”

ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে আটক জ্যোতির বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।”