ছয় বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা

একসময় নিয়মিত বলিউডে কাজ করলেও এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে নিজের ক্যারিয়ার গড়ায় মনোযোগী এই তারকা প্রায় ছয় বছর পর আবারও ফিরছেন ভারতীয় সিনেমায়।

ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, ‘বাহুবলী’-খ্যাত নির্মাতা এস. এস. রাজামৌলির পরিচালনায় নির্মিতব্য নতুন একটি সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। যদিও ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি, ইতিমধ্যে প্রকল্পটি নিয়ে শুরু হয়েছে বড়সড় আলোচনা।

সিনেমাটির জন্য প্রিয়াঙ্কা পাচ্ছেন বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ কোটি টাকা (প্রায় ৪০ কোটি রুপি)। সূত্র অনুযায়ী, রাজামৌলির কোনো ছবিতে এর আগে কোনো অভিনেত্রী এত পারিশ্রমিক পাননি। এই পরিমাণ পারিশ্রমিক বলিউডের শীর্ষ নায়িকাদের তুলনাতেও প্রায় দ্বিগুণ।

ছবিতে প্রিয়াঙ্কার বিপরীতে থাকছেন দক্ষিণ ভারতের সুপারস্টার মহেশ বাবু। জানা গেছে, সিনেমাটির বাজেট এক হাজার কোটি রুপিরও বেশি।

সিনেমার একটি ঘনিষ্ঠ সূত্র জানায়,
“প্রিয়াঙ্কার নাম ঘোষণায় দেরির মূল কারণ ছিল তাঁর পারিশ্রমিক। তিনি এতে একটুও ছাড় দেননি— এবং তার যথেষ্ট কারণও আছে। শুধু পুরুষ তারকারাই কেন বড় অঙ্কের পারিশ্রমিক পাবেন?”

এর আগে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন দীপিকা পাড়ুকোন— ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য পেয়েছিলেন ২০ কোটি রুপি। তার পরের অবস্থানে আছেন আলিয়া ভাট (১৫ কোটি), আর কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ, কিয়ারা আদভানি, নয়নতারা ও সামান্থা রুথ প্রভুরা পান প্রায় ১০ কোটি রুপি করে।

সবার উপরে উঠে গিয়ে এখন প্রিয়াঙ্কাই ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। তিনি সর্বশেষ ভারতে অভিনয় করেছিলেন ২০১৯ সালের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে।