নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরে প্রবাসী বাহার উদ্দিনকে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী, কন্যা ও পরিবারের আরও পাঁচ সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
ঘটনাটি ঘটে বুধবার (৬ আগস্ট) ভোরে, চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুর এলাকায়। বাহার উদ্দিনের পরিবারের সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আনতে গিয়ে ফেরার সময় মাইক্রোবাসে করে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পাশের একটি খালে পড়ে যায়।
নিহতরা হলেন বাহার উদ্দিনের স্ত্রী কবিতা বেগম (৩০), কন্যা মিম আক্তার (২), মা মোরশিদা বেগম (৫৫), নানি ফয়জুন্নেসা (৮০), ভাবি লাবনী আক্তার (৩০), ভাতিজি রেশমী আক্তার (১০) ও লামিয়া (৯)।
মাইক্রোবাসটিতে নারী ও শিশুসহ মোট ১১ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় চালকসহ পাঁচজন কোনোরকমে বের হয়ে বাঁচলেও সাতজন আটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট সকাল ৬টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, দুর্ঘটনাটি ঘটে ভোর ৫টা ৪০ মিনিটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি খাল থেকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।











