নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রীর স্টেট সেক্রেটারি স্টাইন রেনাটে হাহেইমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আরাল্ড গুলব্রাডসেন, সিনিয়র উপদেষ্টা গানহিল্ড এরিকসেন ও ক্রিস্টিন লুন্ডেন।
বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য শক্তি, বন সংরক্ষণ ও টেকসই উন্নয়নসহ দ্বিপক্ষীয় সহযোগিতার নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বাংলাদেশের উচ্চাভিলাষী নবায়নযোগ্য শক্তি নীতির প্রশংসা করেন নরওয়ের প্রতিনিধিরা।
রিজওয়ানা হাসান বৈঠকে জানান, লবণাক্ততা ও বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য সুপেয় পানি সরবরাহ ও অভিযোজন প্রকল্পে মন্ত্রণালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। বন ও নদী সংরক্ষণেও সরকারের অবস্থান কঠোর, এবং জলবায়ু তহবিলের বড় অংশ এই খাতে ব্যয় করা হচ্ছে।
জাহাজ ভাঙ্গা শিল্পে পরিবেশ ও মানবাধিকারের চ্যালেঞ্জ তুলে ধরে রিজওয়ানা হাসান বলেন, “এই খাতে শ্রমিকদের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত না হলে একে সবুজ শিল্প হিসেবে পরিচিত করা অনুচিত।” তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন সংস্কারের আহ্বান জানান।
নরওয়ের পক্ষ থেকে বাংলাদেশে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য শক্তিভিত্তিক প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করা হয়। রিজওয়ানা হাসান বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে রাজনৈতিক স্থিতিশীলতা ও দুর্নীতি হ্রাসের গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকের শেষাংশে উভয় পক্ষ জলবায়ু সংকট মোকাবিলা, বন সংরক্ষণ ও সবুজ শিল্প উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।










