জাকার্তায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচ শতাধিক বাড়িঘর

অনলাইন ডেস্ক:

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কেমায়োরান সাব-ডিস্ট্রিক্টে মঙ্গলবার (২১ জানুয়ারি) একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে পাঁচ শতাধিক বাড়িঘর পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডে প্রায় ৬ শতাধিক পরিবার বাস্তুচ্যুত হয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

জাকার্তা নগরীর দুর্যোগ নিয়ন্ত্রণ সংস্থার মুখপাত্র মোহাম্মদ ইয়োহান জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বলেন, “লোকজন বর্তমানে নিকটবর্তী উপাসনালয়ে আশ্রয় নিচ্ছেন।” তিনি আরও উল্লেখ করেন, “এ ধরনের পরিস্থিতিতে প্রচুর কারিগরি সহায়তা প্রয়োজন এবং নগর প্রশাসন ক্ষতিগ্রস্তদের জন্য তাৎক্ষণিকভাবে খাবার, কম্বল এবং বোতলজাত পানি বিতরণ করেছে।”

প্রায় ১৭০ জন দমকলকর্মী এবং ৩৪টি দমকল ইঞ্জিন ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

সেন্ট্রাল জাকার্তার পুলিশ প্রধান সুসাত্ও পূর্ণোমো কন্দ্রো জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্ভবত একটি বাড়িতে শর্ট সার্কিট থেকে হতে পারে। তবে এটি প্রাথমিক অনুমান, এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানার জন্য তারা ন্যাশনাল পুলিশের ফরেনসিক ল্যাবরেটরি সেন্টারের সহযোগিতায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবেন।

এছাড়া, উদ্ধার কাজের সুবিধার্থে কিছু রাস্তা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কন্দ্রো।