জাজিরা থানার ওসি আল-আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি :

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে তার নিজ বাসভবনের জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সহকর্মীরা তার মরদেহ দেখতে পান। পরে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

ওসি আল-আমিনের বাড়ি বরিশালের মুলাদি থানার কাচির চর এলাকায়। তিনি দুই মেয়ে ও স্ত্রীসহ একটি ছোট পরিবার রেখে গেছেন। গত বছরের ২৪ সেপ্টেম্বর তিনি জাজিরা থানায় যোগদান করেন।

পরিবার সূত্রে জানা গেছে, আল-আমিন কিছুদিন ধরে মানসিক চাপ এবং ডিপ্রেশনে ভুগছিলেন। দুপুরে তার সহকর্মীরা বাসভবনে এসে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা ম্যাজিস্ট্রেট, ইউএনও এবং সিআইডির টিম।

পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে। তবে সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ শরীফুজ্জামান বলেন, “ওসি আল-আমিন দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন। দুপুরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। সিআইডির টিম তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার আসল কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।”