নিজস্ব প্রতিবেদক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) অগ্নিদগ্ধ হয়ে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৫টায় বাবুল কাজী অগ্নিদগ্ধ হন। সকাল সাড়ে ৭টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. শাওন বিন রহমান জানান, বাবুল কাজীর শ্বাসপ্রশ্বাসে সমস্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাসার বাথরুমে গ্যাসলাইটার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।
বাবুল কাজীর বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজীর বরাতে ডা. শাওন বলেন, তিনি সাধারণত সকালে বাথরুমে ধূমপান করতেন। আজ সকালে লাইটার জ্বালানোর সময় সেটি বিস্ফোরিত হয়ে ধোঁয়ায় পুরো বাথরুম ঢেকে যায়, এতে তিনি দগ্ধ হন।
বাবুল কাজী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুত্র সব্যসাচী কাজীর ছোট ছেলে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।











