অনলাইন ডেস্ক:
জাতীয় নাগরিক কমিটি গত বৃহস্পতিবার রাতে এক বিবৃতির মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, তারা চাইছেন পলাতক মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও ওয়ারেন্টভুক্ত খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক। কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সই করা এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি দিল্লিতে শেখ হাসিনার উসকানিমূলক ও বিদ্বেষমূলক বক্তব্য জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে, যার প্রতিফলন দেখা গেছে ধানমন্ডিসহ সারা দেশে। এমন পরিস্থিতিতে, জাতীয় নাগরিক কমিটি সরকারের কাছে দাবি জানায়, শেখ হাসিনার অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারতীয় মাটিতে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানাতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, “সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে বিদেশে বসে কেউ বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে।” এতে ভারত সরকারের কাছে পলাতক শেখ হাসিনা ও তার সহযোগীদের দ্রুত বাংলাদেশের কাছে প্রত্যর্পণের আহ্বান জানানো হয়েছে।
জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের জনগণের ন্যায়বিচারের অধিকার রক্ষায় ভারত সরকারের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে। তারা ছাত্র ও সাধারণ জনগণকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান এবং দাবি করেন যে, খুনি শেখ হাসিনা ও তার দোসরদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এছাড়া, জাতীয় নাগরিক কমিটি সরকারকে আহ্বান জানায়, জুলাই মাসের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, কেননা বিচারহীনতার সংস্কৃতি জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। এই ক্ষোভের সমাধান একমাত্র দ্রুত ও সুষ্ঠু ন্যায়বিচারের মাধ্যমেই সম্ভব।
বিবৃতিতে বলা হয়, সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনও অপশক্তির ষড়যন্ত্র রুখতে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। “ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে জনগণের ক্ষোভ প্রশমিত হবে এবং দেশ স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে,” বলেছে কমিটি।











