নিজস্ব প্রতিবেদক:
১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে ফেল করানোর অভিযোগে আন্দোলনে নামা সনদপ্রার্থীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। রোববার (২২ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে শিক্ষক নিবন্ধন সনদের দাবিতে আন্দোলনকারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন। তারা স্লোগান দিতে শুরু করলে পুলিশ তাদের সরিয়ে দিতে বলে। কিন্তু আন্দোলনকারীরা অবস্থানে অনড় থাকায়, ১১টা ২৩ মিনিটে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আন্দোলনকারীদের দাবি, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় ২০ হাজার ৬৮৮ জন প্রার্থীকে ‘ইচ্ছাকৃতভাবে’ ফেল করানো হয়েছে। এ বিষয়ে ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে তাঁরা বলেন, “ভাইভায় অংশগ্রহণকারী সবাইকে সনদ দিতে হবে।”
এর আগে, গত ১৫ জুন বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেন ওই সনদপ্রার্থীরা।











