জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার

নিজস্ব প্রতিবেদক:

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের করা আপিলের শুনানি মুলতবি করা হয়েছে। আগামীকাল, বুধবার ফের শুনানির দিন ধার্য করেছে আদালত। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ জানিয়েছেন, এটি ইতিহাসে প্রথম ঘটনা যেখানে একটি রাজনৈতিক দলের (জামায়াতে ইসলামী বাংলাদেশ) রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে হাইকোর্টের রায়ে। মঙ্গলবার জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে করা আবেদনটির শুনানিতে এই মন্তব্য করেন তিনি।

জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার নাজিব মোমেন। জামায়াতে ইসলামীকে প্রতিনিধিত্ব করার জন্য আদালতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, এবং অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

আগামীকাল (১৪ মে) আপিল বিভাগের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে, যেখানে জামায়াতের নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। নির্বাচন কমিশনের (ইসি) আইনজীবী তৌহিদুল ইসলাম বলেন, “যতদিন না আপিল বিভাগের রায় আসে, ততদিন জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।”

গত ৭ মে আপিল বিভাগের পক্ষ থেকে জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল সংক্রান্ত শুনানি মুলতবি করা হয়। ১২ মার্চ, জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন বাতিল হওয়ার পর এই আপিল শুনানি শুরু হয়েছিল।