অনলাইন ডেস্ক:
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ২০২১ সালে ‘পুস্পা’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার অভিনয় এবং নাচ প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। তবে, বর্তমানে একটি শারীরিক সমস্যা তাকে চিন্তায় ফেলেছে।
সম্প্রতি, সালমান খানের সঙ্গে তার আসন্ন ছবি ‘সিকান্দার’-এর শুটিং বন্ধ হয়ে গেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, জিমে শরীরচর্চা করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন রাশমিকা। এই কারণে ‘সিকান্দার’-এর শুটিং স্থগিত রাখা হয়েছে। এই ঘটনা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভক্তদের জানিয়েছেন তিনি।
পরে, প্রথমবারের মতো বিমানবন্দরে রাশমিকাকে দেখা যায়, যেখানে তার অবস্থা দেখে ভক্তরা উদ্বিগ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখ ঢেকে বিমানবন্দরে ঢুকছেন রাশমিকা, এবং তার এক পায়ে ব্যান্ডেজ করা। পায়ে সঠিকভাবে ভর দিয়ে হাঁটতেও পারছেন না তিনি। ভিডিওতে আরও দেখা যায়, মাথায় টুপি এবং মুখে মাস্ক পরে রয়েছেন অভিনেত্রী, যা দেখে মনে হচ্ছে, তিনি চাইছেন যেন কেউ তাকে চিনতে না পারে। তবে পাপারাজ্জিদের চোখ থেকে রেহাই পাননি তিনি।
এর আগে, রাশমিকা নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে, শরীরচর্চা করতে গিয়ে তিনি আহত হয়েছেন। তিনি বলেন, “আমি জিমে আহত হয়েছি এবং এখন আগামী কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হবে।” এখন দেখা যাক, দ্রুত সুস্থ হয়ে শুটিংয়ে ফিরতে পারেন কিনা অভিনেত্রী।











